ইতালির ভেনিসে মারধর ও হেনস্তার শিকার হয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। স্থানীয় সময় সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে একদল প্রবাসী তাকে লক্ষ্য করে পানি ও পচা ডিম নিক্ষেপ করেন বলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের লাইভে জানান তিনি।
বাঁধনের অভিযোগ, জুলাই আন্দোলনে সমর্থন দেয়ায় ভেনিস আওয়ামী লীগ ও ছাত্রলীগের পরিচয়দানকারী কয়েকজন নেতাকর্মী এ ঘটনা ঘটিয়েছেন।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নিজেদের ছাত্রলীগ পরিচয় দিয়ে কয়েকজন বাঁধনের ওপর চড়াও হওয়ার চেষ্টা করছেন। একপর্যায়ে সঙ্গে থাকা তার ভাই তাকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করেন।
ঘটনার পর ফেসবুক লাইভে বাঁধন বলেন, তার গায়ে পানি ও কোক ছোড়া হয়েছে, ফোন ফেলে দেয়া হয়েছে এবং কানের কাছে আঘাত করা হয়েছে। এ সময় তার ভাইয়ের ছোট শিশুও সঙ্গে ছিল বলে জানান তিনি।
বাঁধন আরও অভিযোগ করেন, হামলাকারীরা তাকে ‘জুলাই যোদ্ধা’ বলে কটূক্তি করেন এবং ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে চাপ দেন। তারা এসব ঘটনার ভিডিও ধারণ করে লাইভেও প্রচার করছিলেন বলে দাবি করেন তিনি।
এ ঘটনায় স্থানীয় পুলিশের কাছে অভিযোগ করেছেন বাঁধন। ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে বর্তমানে দেশটিতে অবস্থান করছেন তিনি।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।