সব ধর্মের মানুষের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করাই বিএনপির রাজনীতি বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব সম্প্রদায়ের মানুষ একই ভূখণ্ডে বসবাস করেন; কাউকে আলাদা করে দেখার সুযোগ নেই।
সোমবার (১৯ অক্টোবর) লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী বাজারের মালিবাড়ি পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, মানুষের সম্মান, মর্যাদা ও স্বাভাবিক জীবনযাপনের অধিকার নিশ্চিত করা জরুরি। এ দেশে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মধ্যে কোনো ভেদাভেদ নেই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শনে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ঐক্যের ভিত্তি গড়ে উঠেছিল বলেও মন্তব্য করেন তিনি।
শারদীয় দুর্গোৎসবের তাৎপর্য তুলে ধরে এ্যানি বলেন, অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির বিজয় ও মানবকল্যাণের বার্তা দেয় এ উৎসব। যেকোনো বিপদে সনাতন ধর্মাবলম্বীরা বিএনপি সরকারকে পাশে পাবেন বলেও আশ্বাস দেন তিনি। দেশে শান্তি-সম্প্রীতি বজায় রাখা এবং সব নাগরিকের অধিকার ও মর্যাদা নিশ্চিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান মন্ত্রী।
এ সময় চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমীন নিফা, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের নেতারা এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।