সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ। এ বিষয়ে টেলিভিশন ও পত্রিকার মালিকসহ সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা চলছে বলে জানান তিনি।
বুধবার (২১ অক্টোবর) রাতে ভোলা-১ আসনের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, সাংবাদিক, সরকার ও সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে। এটি একটি চলমান প্রক্রিয়া এবং এ বিষয়ে সামনে ভালো কিছু আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
দুর্গাপূজার নিরাপত্তা প্রসঙ্গে পার্থ বলেন, এবার সব সম্প্রদায়ের মানুষের জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পূজা উদযাপনকারীদের সঙ্গে কথা বলেছেন তিনি। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা চোখে পড়েনি বলেও জানান মন্ত্রী।
নেত্রকোণায় সাংবাদিক হত্যার ঘটনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ঘটনা যে কারও ক্ষেত্রেই ঘটুক না কেন, প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
এ সময় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় বিজেপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। দ্বীপ জেলা ভোলার ১১৮টি পূজামণ্ডপে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হয়েছে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।