বিশ্বজুড়ে ওয়েবসাইটের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে দুটি গুরুতর নিরাপত্তা দুর্বলতা শনাক্ত হওয়ার পর। সম্ভাব্য সাইবার হামলার ঝুঁকি এড়াতে বন্ধ রাখা হয়েছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট।
বিশ্বের বহু ওয়েবসাইট তৈরিতে ব্যবহৃত হয় পিএইচপি। সম্প্রতি এই প্রোগ্রামিং ভাষায় শনাক্ত হওয়া দুটি নিরাপত্তা ত্রুটি কাজে লাগিয়ে সাইবার হামলা চালানোর আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইটের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ঝুঁকির বিষয়টি আগেই আঁচ করতে পেরে ওয়েবসাইট বন্ধ রাখা হয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এ পদক্ষেপ নেয়া হয়েছে। ওয়েবসাইটের নিরাপত্তা নিশ্চিত করে দ্রুত চালু করতে কাজ করছে আইটি টিম।
অ্যানালাইজেন বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সফটওয়্যার প্রকৌশলী সুমিত সাহা বলেন, পিএইচপির নিরাপত্তা দুর্বলতা কাজে লাগিয়ে বড় ধরনের সাইবার হামলা চালানো সম্ভব। কোনো অ্যাপ্লিকেশনের মেমোরির নিয়ন্ত্রণ পেলে সেখান থেকে ডেটাবেজে প্রবেশের সুযোগ তৈরি হতে পারে। তাই প্রোগ্রামিং ভাষা ও সফটওয়্যারের হালনাগাদ সংস্করণ ব্যবহারের পরামর্শ দেন তিনি।
তিনি আরও জানান, পিএইচপির নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর সুরক্ষা প্যাচ বা নিরাপত্তা হালনাগাদ প্রকাশ করা হয়েছে।
বাংলাদেশ সাইবার সুরক্ষা এজেন্সির মহাপরিচালক ড. মো. তৈয়বুর রহমান বলেন, দেশে ৩৬ হাজার সরকারি ওয়েবসাইট সংস্থাটি দেখভাল করলেও সেগুলো পিএইচপিভিত্তিক নয়। ফলে এসব ওয়েবসাইটে বর্তমান দুর্বলতার ঝুঁকি নেই বলে মনে করছে সংস্থাটি। তবে পিএইচপিনির্ভর ওয়েবসাইট ও সরকারি সিস্টেমের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সহায়তা দেয়া হচ্ছে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।