নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর মহাসচিব লিটন এরশাদ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। তাকে রাজধানীর ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) সকাল আনুমানিক ১০টায় রাজধানীর শাহজাহানপুর আমতলা মোড়ে রাস্তা পারাপারের সময় একটি বেপরোয়া লেগুনার ধাক্কায় গুরুতর আহত হন তিনি।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতিতে আসা একটি লেগুনা তাকে সজোরে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। এ সময় স্থানীয় পথচারী ও আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। পরে তাকে রাজধানীর ইসলামী হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তার মাথার আঘাতপ্রাপ্ত স্থানে ছয়টি সেলাই দেন এবং প্রয়োজনীয় জরুরি চিকিৎসাসেবা প্রদান করেন। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।
এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সংগঠনের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছে, এটি কি নিছক একটি সড়ক দুর্ঘটনা, নাকি পরিকল্পিতভাবে সংঘটিত কোনো হামলার অংশ?
নিসচার নেতৃবৃন্দের ভাষ্য, সংগঠনটি দীর্ঘদিন ধরে দেশে ব্যাটারিচালিত রিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা এবং অবৈধ ও বেপরোয়া লেগুনা চলাচল বন্ধের দাবিতে ধারাবাহিকভাবে আন্দোলন, জনসচেতনতা কার্যক্রম ও বিভিন্ন পর্যায়ে দাবি জানিয়ে আসছে। সম্প্রতি সরকারও বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নিয়েছে। এমন প্রেক্ষাপটে সংগঠনের মহাসচিবের ওপর লেগুনার ধাক্কায় এ ধরনের ঘটনা নিছক দুর্ঘটনা নাকি উদ্দেশ্যপ্রণোদিত, তা নিয়ে সংগঠনের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে এ ঘটনার নিরপেক্ষ ও দ্রুত তদন্তের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে দুর্ঘটনায় জড়িত লেগুনাটি শনাক্ত করে চালক ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
মহিউদ্দিন/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।