চাঁদা দাবিকে কেন্দ্র করে ঢাকার আশুলিয়ায় ব্লুমিং ফার্মা লিমিটেডের ওষুধ কারখানায় মব সৃষ্টি করে হামলা ও ব্যাপক লুটপাটের অভিযোগ উঠেছে।
রোববার (১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পাথালিয়া ইউনিয়নের বেলতলা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির এইচআর ও প্রশাসনিক কর্মকর্তা ইঞ্জিনিয়ার মো. মনিরুজ্জামান জনি। তার ভাষ্যমতে, ৩০ থেকে ৪০ জনের একটি দল কারখানায় ঢুকে কর্মীদের মারধর করে এবং মূল্যবান যন্ত্রপাতি ও সরঞ্জাম লুট করে নিয়ে যায়।
তিনি জানান, হামলাকারীরা প্রথমে চাঁদা দাবি করে। পরে তারা কারখানার ভেতরে দুই কর্মচারীকে জিম্মি করে রাখে। সন্ধ্যা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত কয়েক দফায় হামলা ও লুটপাট চলে বলে দাবি করেন তিনি।
প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, লুট হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে ল্যাবরেটরির মূল্যবান যন্ত্রপাতি, কম্পিউটার, প্রিন্টার, অফিসের নথিপত্র, এইচপিএলসি মেশিন, অটোমেটিক বোতল ফিলিং মেশিন, মিক্সার এবং অন্যান্য শিল্প সরঞ্জাম।
প্রতিষ্ঠানটির অভিযোগ, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সদস্যদের বার বার খবর দেওয়া হলেও যথাসময়ে সহায়তা পাওয়া যায়নি। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
আশিক/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।