বিমানবাহিনী থেকে বরখাস্ত সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার করা হয়েছে রাজধানীর তুরাগ নদ থেকে। নিখোঁজ হওয়ার এক দিন পর বুধবার (২৯ অক্টোবর) বিকেলে উত্তরখানের রাজাবাড়ী ঘাটসংলগ্ন এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম হেলাল জানান, মঙ্গলবার সন্ধ্যায় দ্বীপ নামে এক জুনিয়র সহকর্মীর ডাকে বাসা থেকে বের হন তাহসিফ। যাওয়ার আগে মাকে বলেছিলেন, কথা বলে ফিরে আসবেন। রাত ১টা ৩৫ মিনিটে মাকে শেষ বার্তা পাঠিয়ে লেখেন, ‘আম্মু, আমি আসছি।’ এরপর তাঁর সঙ্গে আর যোগাযোগ করা যায়নি।
পরদিন বিকেল সোয়া ৫টার দিকে উত্তরখান থানার ওসি ফোন করে মরদেহ উদ্ধারের খবর জানান এবং পরিচয় নিশ্চিত করেন। তাহসিফ কীভাবে রাজাবাড়ী ঘাট এলাকায় গেলেন, তা জানা নেই বলে জানিয়েছেন তাঁর বাবা। কে বা কারা তাঁর মৃত্যুর জন্য দায়ী, সে বিষয়েও কিছু জানেন না তিনি।
তাহসিফের চাকরিচ্যুতির বিষয়ে পরিবারকে শৃঙ্খলাভঙ্গের কথা জানানো হয়েছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও শেয়ার করার কারণে তাঁকে চাকরি থেকে বাদ দেয়া হয়েছিল কি না, তা পরিবারকে জানানো হয়নি। চাকরি হারানোর পর তিনি বিসিবি, নেত্র নিউজসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেন। সর্বশেষ ভার্গো টোব্যাকোতে কর্মরত ছিলেন।
তাহসিফের নিরাপত্তা নিয়ে কোনো হুমকির কথা পরিবারকে জানাননি তিনি। তাঁর মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্তের ফল ও ময়নাতদন্তের প্রতিবেদন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।