ডারউইন টেস্টের দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার দুই ওপেনারকেই ফিরিয়ে বাংলাদেশকে দারুণ শুরু এনে দিয়েছেন পেসার হাসান মাহমুদ। জেক ওয়েদারাল্ডের পর এবার তার শিকার হয়েছেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার ট্রাভিস হেড। ৩৫ বলে ১৭ রান করে বোল্ড হন হেড। তার ব্যাটে লেগে হাসানের বল স্টাম্প ভেঙে দেয়।
হেডকে ফেরানোর মধ্য দিয়ে ডারউইন টেস্টে হাসানের শিকার সংখ্যা দাঁড়িয়েছে আট উইকেটে। এর আগে তার একই ওভারে দুটি চার মেরেছিলেন হেড। ফলে অজি ওপেনার ধীরে ধীরে বাংলাদেশের জন্য অস্বস্তির কারণ হয়ে উঠছিলেন। তবে শেষ পর্যন্ত সেই হাসানের বলেই থামতে হয় তাকে।
এর আগে দ্বিতীয় ওভারেই জেক ওয়েদারাল্ডকে বোল্ড করে প্রথম সাফল্য এনে দেন হাসান। মাত্র ৩ বল খেলে কোনো রান না করেই সাজঘরে ফেরেন অস্ট্রেলিয়ান ওপেনার। প্রথম ইনিংসেও হাসানের বলে ২৩ রানে আউট হয়েছিলেন তিনি।
বাংলাদেশ ২২৮ রানের লিড নিয়ে অস্ট্রেলিয়াকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পাঠায়। শুরুতেই হাসানের জোড়া আঘাতে ৩৭ রানেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।