জয়পুরহাটে বিজিবি, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) যৌথ অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ইনজেকশনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় দুটি স্মার্টফোন ও নগদ ১৩ হাজার ১০ টাকা জব্দ করা হয়। তবে অভিযানের সময় পালিয়ে যায় আরও এক ব্যক্তি।
শুক্রবার (২৩ অক্টোবর) আটাপাড়া বিওপি সীমান্ত এলাকা ও কালাই উপজেলার পুনট ইউনিয়নের পাঁচগ্রামে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পাঁচগ্রাম গ্রামের দেলোয়ার হোসেন (৩৫) ও ছানোয়ার হোসেন (৩২)।
অভিযানে ১৮০টি ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১০২টি বুপ্রেনরফিন ইনজেকশন, দুটি স্মার্টফোন ও নগদ টাকা জব্দ করা হয়। জব্দ করা আলামতের মোট আনুমানিক মূল্য ১ লাখ ৫৭ হাজার ৬১০ টাকা।
বিজিবির বিজ্ঞপ্তি অনুযায়ী, দেলোয়ার হোসেনের বিরুদ্ধে আগে তিনটি মাদক মামলা ও একটি স্থায়ী গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। ছানোয়ার হোসেনের বিরুদ্ধেও দুটি মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় কালাই থানায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। পলাতক ব্যক্তিকে গ্রেপ্তারে অভিযান চলছে।
জয়পুরহাট জেলা প্রতিনিধি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।