ইরানে নতুন করে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার (২৪ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যুক্তরাষ্ট্র চাইলে রোববারই ইরানে হামলা চালাতে পারে। তবে তেহরানের সঙ্গে বড় ধরনের চুক্তির সম্ভাবনাও রয়েছে বলে জানান তিনি।
বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, ইরানে নতুন করে সামরিক অভিযান চালানোর বিষয়টি বিবেচনা করছেন ট্রাম্প—এমন খবরের মধ্যেই তার এ মন্তব্য এলো। তবে সামরিক অভিযান নাকি আলোচনার মাধ্যমে সমঝোতা, কোন পথে এগোবে যুক্তরাষ্ট্র, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি তিনি।
ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে পৌঁছালে ইরান সামরিক হামলা এড়াতে পারে। তবে ইরান সম্ভাব্য চুক্তির শর্ত মেনে চলবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরান যাতে ভবিষ্যতে কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, সেটি নিশ্চিত করাই তার মূল লক্ষ্য। এর আগে বি-২ বোমারু বিমান ব্যবহার করে চালানো অভিযান দীর্ঘমেয়াদি নিশ্চয়তা দিতে যথেষ্ট ছিল না বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহনের পরিমাণ বেড়েছে বলে দাবি করেছেন ট্রাম্প। তবে এ বিষয়ে কোনো পরিসংখ্যান দেননি তিনি।
পরবর্তী পদক্ষেপ সম্পর্কে স্পষ্ট সিদ্ধান্ত না জানিয়ে ট্রাম্প বলেন, সামরিক অভিযান চালানো কিংবা আলোচনার মাধ্যমে চুক্তিতে পৌঁছানো—দুটিই সম্ভাব্য পথ। ফলে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের পরবর্তী পদক্ষেপ নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।