আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারেজের উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের প্রায় সাত কোটি মানুষ উপকৃত হবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
রোববার (২৫ অক্টোবর) দুপুরে পাবনার সুজানগর উপজেলার সাতবাড়িয়া কাঞ্চনপার্ক এলাকায় পদ্মা ব্যারেজ প্রকল্প পরিদর্শন ও কারিগরি আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পানিসম্পদমন্ত্রী বলেন, নির্বাচনের আড়াই মাসের মাথায় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) প্রকল্পটি অনুমোদন দেয়া হয়েছে। প্রথম পর্যায়ে ৩৫ হাজার কোটি টাকা এবং দ্বিতীয় পর্যায়ে ৫০ থেকে ৫৫ হাজার কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলসহ দেশের বিপুলসংখ্যক মানুষ এ প্রকল্পের সুফল পাবেন। কৃষি, সেচ, বিদ্যুৎ উৎপাদন ও পানি ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আনতে পদ্মা ব্যারেজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রকল্পের প্রথম পর্যায়ের পরিচালক হাসান মাহমুদ বলেন, পাবনার সুজানগর থেকে রাজবাড়ীর সঙ্গে সংযোগ স্থাপন করে পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা নেয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে পাবনা, রাজবাড়ীসহ ১৯ জেলার মানুষের জীবনযাত্রায় পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।
তিনি আরও জানান, ব্যারেজটি নির্মিত হলে প্রায় আট মাস বিদ্যুৎ উৎপাদনের সুযোগ তৈরি হতে পারে। বর্ষা মৌসুমে ব্যারেজের ৭৮টি গেট খোলা রাখার পরিকল্পনাও রয়েছে।
সভায় পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদী, পাবনার বিভিন্ন আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নজরুল ইসলাম বাঁধন, পাবনা জেলা প্রতিনিধি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।