ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন বলেছেন, ভোট বর্জন করতে নয়, বরং নির্বাচন নিরপেক্ষ ও স্বচ্ছ করার লক্ষ্যেই তাঁরা অংশ নিয়েছেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে সদর উপজেলার দোয়ালপাড়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।
দেলাওয়ার হোসেন অভিযোগ করেন, বিভিন্ন কেন্দ্রে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তাদের কারও কারও আইডি কার্ড ছিল না। আবার যাঁদের কার্ড ছিল, সেগুলোর কিছুতে ছবি ছিল না। এ ছাড়া কয়েকটি ব্যালট বইয়ে আগেই সিল মারা এবং জাল ভোট দেয়ার অভিযোগও করেন তিনি। তাঁর দাবি, কিছু কেন্দ্রে ধানের শীষের প্রতীকসংবলিত পোশাক পরে ভোটকেন্দ্রে প্রবেশের ঘটনাও ঘটেছে। এসব অভিযোগ প্রশাসনকে জানানো হয়েছে বলে জানান তিনি।
জামায়াতের এ প্রার্থী বলেন, অতীতের বিতর্কিত নির্বাচনের মতো পরিস্থিতি এড়াতে স্বচ্ছ ভোট নিশ্চিত করা জরুরি। তাঁর অভিযোগ, এক আসনে নির্বাচন হলেও প্রয়োজনীয় প্রস্তুতির ঘাটতি ছিল প্রশাসনের।
নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও-১ আসনে মোট ১৮৫টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। আসনটিতে মোট ভোটার ৫ লাখ ১৫ হাজার ৮৫৩ জন। উপনির্বাচনে চূড়ান্তভাবে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।