পোশাকশ্রমিকদের নতুন বেতন নির্ধারণে ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। সিনিয়র জেলা জজ শেখ আশফাকুর রহমানকে চেয়ারম্যান করে এ বোর্ড গঠন করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বোর্ড গঠনের ঘোষণা দেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
ব্রিফিংয়ে শ্রমমন্ত্রী বলেন, রোববার বোর্ড গঠনের ঘোষণা দেয়া হবে বলে মন্ত্রণালয় বারবার জানালেও একটি মহল শ্রমিকদের রাস্তায় নামিয়েছে। নতুন বোর্ড দ্রুততম সময়ের মধ্যে শ্রমিকদের মজুরি নির্ধারণ করবে। তাই বোর্ড গঠনের দাবি পূরণ হওয়ায় শ্রমিকদের আন্দোলন ছেড়ে কারখানায় ফিরে যাওয়ার আহ্বান জানান তিনি।
শ্রমিকদের আন্দোলনে বাইরের ইন্ধন থাকতে পারে বলেও মন্তব্য করেন মন্ত্রী। তিনি বলেন, ডিসেম্বর ঘিরে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির যে চেষ্টা চলছে, এর সঙ্গে আন্দোলনের যোগসূত্র থাকতে পারে।
বোর্ডের অন্য সদস্যরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমেদ, মালিকপক্ষের প্রতিনিধি বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব, শ্রমিকপক্ষের প্রতিনিধি জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসেন, বিজিএমইএর পরিচালক এ বি এম শামসুদ্দিন এবং বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আক্তার।
এর আগে শনিবার রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে বিজিএমইএ ও বিকেএমইএর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে রোববার মজুরি বোর্ড গঠনের কথা জানিয়েছিলেন শ্রমমন্ত্রী।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।