
১৬ বছর বা তার কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়নের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ জন্য সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, শিশু মনোবিজ্ঞানী, শিশু বিশেষজ্ঞ ও আইনজ্ঞদের নিয়ে স্বাধীন কমিটি গঠনেরও নির্দেশ দেয়া হয়েছে।
রোববার (২২ নভেম্বর) জনস্বার্থে দায়ের করা এক রিটের শুনানি শেষে বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের বেঞ্চ এ আদেশ দেন। রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ফায়সাল দস্তগীর।
আদালত একই সঙ্গে রুল জারি করে জানতে চেয়েছেন, শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়নে সরকারের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না। সংশ্লিষ্টদের আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
রিটকারী আইনজীবী বলেন, নীতিমালা না থাকায় শিশুরা অবাধে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছে। এতে তাদের মধ্যে একাকিত্ব ও হতাশাসহ নানা সমস্যা দেখা দিচ্ছে, যা মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলছে।
রিটে আইসিডিডিআরবির এক গবেষণার তথ্য তুলে ধরে বলা হয়, ঢাকার ৮৩ শতাংশ শিশু প্রতিদিন দুই ঘণ্টার বেশি স্ক্রিনের সামনে সময় কাটায়। তারা গড়ে প্রায় ৪ দশমিক ৬ ঘণ্টা স্মার্টফোন, টেলিভিশন, ট্যাবলেট ও অন্যান্য ডিভাইস ব্যবহার করে।
গবেষণায় আরও দেখা গেছে, এক-তৃতীয়াংশের বেশি শিশু চোখের সমস্যায় ভুগছে এবং ৮০ শতাংশ শিশুর প্রায়ই মাথাব্যথা হয়। অতিরিক্ত স্ক্রিন ব্যবহারের কারণে শিশুদের ঘুমের সময়ও কমে যাচ্ছে। তারা রাতে গড়ে ৭ দশমিক ৩ ঘণ্টা ঘুমায়, যেখানে সুস্থ বিকাশের জন্য প্রয়োজন ৮ থেকে ১০ ঘণ্টা।
গবেষণায় অংশ নেয়া প্রায় ১৪ শতাংশ শিশুর অতিরিক্ত ওজন বা স্থূলতা রয়েছে। বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিন পর্যাপ্ত ঘুম না হলে শিশুদের স্মৃতিশক্তি, মনোযোগ, শেখার ক্ষমতা ও আবেগ নিয়ন্ত্রণে নেতিবাচক প্রভাব পড়তে পারে।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।