শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারির পর কলকাতায় আনন্দবাজার পত্রিকার প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন একদল হিন্দুত্ববাদী সমর্থক।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে চাঁদনী চক এলাকার প্রফুল্ল সরকার স্ট্রিটে পত্রিকাটির কার্যালয়ের সামনে তারা জড়ো হন।
বিক্ষোভকারীরা ভবনের মূল ফটকের সামনে অবস্থান নিয়ে প্রবেশদ্বারের দুটি থামে গেরুয়া রং লাগিয়ে দেন। পরে ‘আনন্দবাজার হায় হায়’ স্লোগান দিতে দিতে তারা চলে যান। পুলিশের উপস্থিতিতেই এ বিক্ষোভ হয়।
এর আগে ২০ আগস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠনগুলোর সংঘর্ষের পর ২১ আগস্ট আনন্দবাজার পত্রিকার প্রথম পাতায় ‘গেরুয়া গুন্ডামি’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এ শব্দচয়নের সমালোচনা করে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শিরোনাম প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার দাবি জানান। অন্যথায় গেরুয়া পোশাকে প্রতিবাদ করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
এরপর ‘হিন্দু জাগরণ মঞ্চ’ পত্রিকাটির সম্পাদকের বিরুদ্ধে বউবাজার থানায় এফআইআর করে। মঙ্গলবারের বিক্ষোভে অংশ নেয়া ব্যক্তিরা বলেন, পত্রিকা সরকারের বা মুখ্যমন্ত্রীর সমালোচনা করতে পারে, তবে গেরুয়া রংকে অসম্মান করার অধিকার কারও নেই। তারা সতর্ক করে বলেন, দাবি মানা না হলে ভবিষ্যতে আরও বড় প্রতিবাদ হবে।
তবে বিজেপির রাজ্য নেতৃত্ব জানিয়েছে, দলীয়ভাবে এ ধরনের কোনো বিক্ষোভের ডাক দেয়া হয়নি।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।