প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরে ব্যবহৃত বাসের ছবি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে স্নাইপার দিয়ে গুলি করার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করার অভিযোগে গ্রেপ্তার আবু বকর সিদ্দিকের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (২৫ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক এ আদেশ দেন।
রিমান্ড শুনানিতে বিচারকের প্রশ্নের জবাবে আবু বকর বলেন, তিনি মজা করে মন্তব্যটি করেছিলেন। এর পেছনে তার কোনো উদ্দেশ্য ছিল না। নিজের ভুলও স্বীকার করেন তিনি।
আবু বকর রাজশাহীর নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের সম্মান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। গত বুধবার রাতে রাজশাহীর পবা থানার কচুয়াতৈল এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। পরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখায় গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মামলার সূত্রপাত ‘দ্য বিউটি অব রাজশাহী’ নামের একটি ফেসবুক পেজে প্রধানমন্ত্রীর সফরে ব্যবহৃত বাসের ছবি দিয়ে করা পোস্টকে কেন্দ্র করে। ওই পোস্টের মন্তব্যে ‘এমডি আবু বকর সিদ্দিক’ নামের একটি অ্যাকাউন্ট থেকে লেখা হয়, “ইস! একটা বড় সুযোগ ছিল। শুধু একটা স্নাইপারের অভাব ছিল।”
মন্তব্যটি ছড়িয়ে পড়ার পর ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের এসআই মানিক হোসেন সন্ত্রাসবিরোধী আইনে রমনা থানায় মামলা করেন। রাষ্ট্রপক্ষের দাবি, মন্তব্যের পেছনে অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখতে আসামিকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। আদালত শুনানি শেষে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।