ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ক্যান্টিনে এক নারীকে ধর্ষণের অভিযোগের ঘটনায় দায়িত্বে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। তাদের পাকশী রেলওয়ে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দীন। তিনি জানান, অভিযোগের বিষয়ে অধিকতর তদন্ত করে অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
এর আগে সোমবার সকালে নাটোর এলাকায় চলন্ত ট্রেনের ক্যান্টিনে ৪৪ বছর বয়সী এক নারীকে ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনায় ক্যান্টিন বয় আবু বক্কর সিদ্দিককে (২২) গ্রেপ্তার করে সান্তাহার রেলওয়ে থানা-পুলিশ। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারী ঢাকা থেকে কুড়িগ্রামের উদ্দেশে কুড়িগ্রাম এক্সপ্রেসে ভ্রমণ করছিলেন। অভিযোগ অনুযায়ী, চলন্ত ট্রেনের ক্যান্টিনে নিয়ে আবু বক্কর সিদ্দিকসহ কয়েকজন তাকে ধর্ষণ করেন। তার চিৎকার শুনে অন্য যাত্রীরা এগিয়ে এসে আবু বক্করকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। মামলায় পাঁচজনকে আসামি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তাদের মধ্যে দুই পুলিশ সদস্যের নামও রয়েছে।
ওসি দুলাল উদ্দীন বলেন, ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী ঘটনার সঙ্গে পুলিশ সদস্যদের সম্পৃক্ততার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অন্য অভিযুক্তদের সম্পৃক্ততার বিষয়েও তদন্ত চলছে।
সজল শেখ, বগুড়া
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।