বগুড়ায় সরকার নির্ধারিত হারের চেয়ে বেশি ভাড়া আদায়ের অভিযোগে ‘কৃষিকল হিমাগার’ নামে একটি কোল্ড স্টোরেজকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে শহরের জয়পুরপাড়া-মাটিডালী এলাকায় জেলা প্রশাসনের উদ্যোগে অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদ।
অভিযানে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বস্তাপ্রতি ৪২০ টাকা বেশি আদায়ের প্রমাণ পাওয়ায় হিমাগারটির ব্যবস্থাপক সাইফুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসন জানায়, আলু সংরক্ষণের ক্ষেত্রে সরকার নির্ধারিত সর্বোচ্চ ভাড়া কেজিপ্রতি ৬ টাকা। কৃষি বিপণন অধিদপ্তরের তদারকিতে কৃষিকল হিমাগারে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি ধরা পড়ে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদ জানান, সতর্ক করার পরও অতিরিক্ত ভাড়া নেয়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে অর্থদণ্ডের পাশাপাশি প্রয়োজনে কারাদণ্ড দেয়া হবে।
প্রান্তিক কৃষক ও ব্যবসায়ীদের স্বার্থে বগুড়ার সব হিমাগারে মনিটরিং আরও জোরদার করা হবে বলেও জানান তিনি।
সজল শেখ, বগুড়া
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।