অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তুলে ফেসবুকে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে অশালীন ভাষায় ভিডিও প্রকাশ করে গ্রেপ্তার হওয়া সিফাত আব্দুল্লাহর বাড়ির বিদ্যুৎ বিল নিয়ে তদন্তে ভিন্ন তথ্য পেয়েছে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১।
সিফাত তার ভিডিওতে দাবি করেন, জুলাই ও আগস্ট—এই দুই মাসে তিনি প্রায় ১০ হাজার টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করেছেন। তবে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর বোর্ড বাজার জোনাল অফিসের তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, সিফাতদের দোতলা বাড়িতে মোট তিনটি আবাসিক মিটার রয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, মে থেকে আগস্ট ২০২৬ পর্যন্ত তিনটি মিটারে মোট ২ হাজার ৮০ ইউনিট বিদ্যুৎ ব্যবহার হয়েছে। এর বিপরীতে মোট বিল এসেছে ১৬ হাজার ২৭৩ টাকা।
এর মধ্যে একটি মিটারে চার মাসে ৩২০ ইউনিট ব্যবহারে বিল এসেছে ২ হাজার ৩৫৪ টাকা। দ্বিতীয় মিটারে ১ হাজার ১৩৫ ইউনিট ব্যবহারে বিল এসেছে ৯ হাজার ৩৮৭ টাকা। তৃতীয় মিটারে ৬২৫ ইউনিট ব্যবহারে বিল এসেছে ৪ হাজার ৫৩২ টাকা।
তদন্ত প্রতিবেদনে আরও বলা হয়, কর্মকর্তারা সিফাতের বাড়িতে গিয়ে ইলেকট্রিক পণ্যের প্রকৃত তালিকা সংগ্রহ করতে চাইলে পরিবারের পক্ষ থেকে তা দিতে অস্বীকৃতি জানানো হয় এবং গেট বন্ধ করে দেয়া হয়।
সিফাত আব্দুল্লাহ অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তুলে ফেসবুকে ভিডিও প্রকাশের পর সমালোচনার মুখে পড়েন। পরে তাকে গ্রেপ্তার করে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে পাঠানো হয়।
বিদ্যুৎ বিলের অভিযোগ মূল্যায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট বাড়ির সবগুলো মিটারের ব্যবহার ও বিলের হিসাব বিবেচনায় নেয়া প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।