ভারতের উত্তর প্রদেশের মোরাদাবাদে সার্কিট হাউসে নামাজ পড়ার অভিযোগে সমাজবাদী পার্টির নেতা হাজী মোহাম্মদ উসমানের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। জনসাধারণের চলাচলে বাধা ও অসুবিধা সৃষ্টির অভিযোগে তার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়্যারের প্রতিবেদনে বলা হয়েছে, হাজী মোহাম্মদ উসমান সমাজবাদী পার্টির মোরাদাবাদ জেলা শাখার সহসভাপতি। তিনি বিলারি আসনের বিধায়ক মোহাম্মদ ফাহিম ইরফানের চাচা।
স্থানীয় গণমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, সার্কিট হাউসে পার্ক করা একটি গাড়ির সামনে উসমান নামাজ পড়ছেন। তবে ভিডিওতে নামাজের কারণে যানবাহন বা মানুষের চলাচল বাধাগ্রস্ত হওয়ার স্পষ্ট কোনো দৃশ্য দেখা যায়নি। সেখানে থাকা গাড়িগুলোও পার্ক করা অবস্থায় দেখা গেছে।
মোরাদাবাদে গণপূর্ত বিভাগের প্রাদেশিক শাখার সহকারী প্রকৌশলী অনিত কুমারের অভিযোগের ভিত্তিতে মামলাটি করা হয়েছে। অভিযোগে বলা হয়, গাড়ি পার্ক করে তার পেছনে নামাজ পড়ায় সার্কিট হাউসে প্রবেশ ও বের হওয়ার পথে যানবাহন ও মানুষের চলাচলে বাধা সৃষ্টি হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, উসমান উত্তর প্রদেশ বিধান পরিষদের বিরোধীদলীয় নেতা লাল বিহারি যাদবের সঙ্গে সমাজবাদী পার্টির নেতাদের একটি বৈঠকে যোগ দিতে সার্কিট হাউসে গিয়েছিলেন।
এদিকে, নামাজ পড়ার ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় হিন্দুত্ববাদী সংগঠনগুলোর মধ্যে ক্ষোভ তৈরি হয়। সরকারি স্থাপনায় কীভাবে নামাজ পড়ার অনুমতি দেয়া হলো, তা নিয়ে প্রশ্ন তোলেন রাষ্ট্রীয় বজরং দলের রাজ্য সভাপতি রোহান সাক্সেনা।
তবে প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর প্রদেশ সরকার সড়কে নামাজ পড়াকে অপরাধ হিসেবে গণ্য করলেও সরকারি স্থাপনায় নামাজ পড়া বেআইনি নয়।
মামলায় ভারতীয় দণ্ডবিধির ২৮৫ ও ২৯২ ধারায় অভিযোগ আনা হয়েছে। তবে শান্তিপূর্ণভাবে নামাজ পড়ার কারণে কীভাবে জনসাধারণের চলাচলে বাধা বা অসুবিধা সৃষ্টি হয়েছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।