জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের ‘মেয়াদোত্তীর্ণ মেয়র’ মন্তব্যের কড়া জবাব দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া ভিডিও বার্তায় তিনি বলেন, আদালতের রায় অনুযায়ী তার মেয়াদ ২০২৯ সাল পর্যন্ত। তবে স্থানীয় সরকার নির্বাচন ঘোষণা করা হলে গণতান্ত্রিক স্বার্থে তিনি নিজেই পদ ছেড়ে নির্বাচনে অংশ নেয়ার সুযোগ করে দেবেন।
ডা. শাহাদাত বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে তার নির্বাচিত হওয়ার রায় ছিনিয়ে নেয়া হয়েছিল। পরে রেজাউল করিমের মেয়র পদকে চ্যালেঞ্জ করে তিনি নির্বাচনি ট্রাইব্যুনালে মামলা করেন। ওই মামলার রায়ের ভিত্তিতে তাকে বৈধ মেয়র হিসেবে প্রজ্ঞাপন দেয়া হয়েছে এবং তিনি শপথ নিয়েছেন।
তিনি জানান, ২০২৪ সালের ৩ নভেম্বর তিনি মেয়র হিসেবে শপথ নেন। আদালতের রায় অনুযায়ী সেখান থেকে তার মেয়াদ ২০২৯ সাল পর্যন্ত থাকার কথা।
জামায়াত আমিরের বক্তব্যের সমালোচনা করে শাহাদাত বলেন, ‘মেয়াদোত্তীর্ণ মেয়র’ বলার মধ্য দিয়ে আওয়ামী লীগের আমলে নির্বাচিত সাবেক মেয়র রেজাউল করিমের মেয়াদকেই বৈধতা দেয়া হয়েছে বলে তিনি মনে করছেন।
চসিক মেয়র আরও বলেন, জনগণের বৃহত্তর স্বার্থে স্থানীয় সরকার নির্বাচন হলে তিনি স্বাগত জানাবেন। চট্টগ্রামসহ সারা দেশে স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা হলেই তিনি পদ ছেড়ে দিয়ে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দেবেন।
তিনি বলেন, গণতান্ত্রিক নির্বাচনে সবার অংশগ্রহণের অধিকার রয়েছে এবং তিনি সবসময় এমন নির্বাচনকে স্বাগত জানান।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।