ভারতের মধ্যপ্রদেশের সাগর জেলায় বিষাক্ত মদপানে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ১০ জনের বেশি।
ঘটনার পর তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্য প্রশাসন। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে স্থানীয় ছয়টি মদের দোকান সিলগালা করা হয়েছে। পাশাপাশি নৌরা, ঘুগরুসহ আশপাশের গ্রামগুলোতে বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা শুরু হয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদন এখনো পাওয়া যায়নি। ফরেনসিক পরীক্ষার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। তবে চিকিৎসকদের ধারণা, মিথাইল অ্যালকোহলের বিষক্রিয়ায় এ ঘটনা ঘটতে পারে।
অসুস্থদের শরীরে ত্বক নীল হয়ে যাওয়া, মাংসপেশি শক্ত হয়ে যাওয়া, বমি, তীব্র মাথাব্যথা ও জ্বরের মতো উপসর্গ দেখা গেছে। আশঙ্কাজনক রোগীদের উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হচ্ছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন কর্মকর্তারা।
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়ে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন। এ ঘটনায় অবৈধ ও ভেজাল মদ বিক্রি বন্ধে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। পুলিশ ও স্থানীয় প্রশাসন মদের উৎস ও সরবরাহকারীদের খুঁজে বের করতে অভিযান শুরু করেছে।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।