ইরানের বিরুদ্ধে যুদ্ধে নিহত মার্কিন সেনাদের পরিবারকে প্রাপ্য আর্থিক সুবিধা দেয়া নিয়ে পেন্টাগনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। একই সঙ্গে আহত সেনাদের আঘাতের মাত্রা কম করে দেখানো এবং যথাযথ চিকিৎসা না দেয়ার অভিযোগও সামনে এসেছে।
সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলি সামরিক অভিযানে নিহত মার্কিন সেনাদের পরিবারগুলো প্রাপ্য বেতন ও অন্যান্য সুবিধা নিশ্চিত করতে লড়াই করছে।
নিহত মার্কিন মেজর অ্যালেক্স ক্লিনারের স্ত্রী লিবি ক্লিনার জানান, স্বামীর মৃত্যুর পর তাকে অতিরিক্ত কিছু সুবিধা পাওয়ার ক্ষেত্রে অযোগ্য বলা হয়েছিল। কারণ, কংগ্রেস আনুষ্ঠানিকভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেনি। পরে মার্কিন বিমানবাহিনী জানায়, তাকে ভুল তথ্য দেয়া হয়েছিল এবং তার স্বামীর শেষ বেতনে প্রাপ্য ‘কমব্যাট পে’ ও যুদ্ধসংক্রান্ত কর সুবিধা অন্তর্ভুক্ত ছিল।
৩৩ বছর বয়সী মেজর অ্যালেক্স ক্লিনার কেসি-১৩৫ জ্বালানি সরবরাহকারী বিমানের ছয় সদস্যের ক্রুদের একজন ছিলেন। মার্চে পশ্চিম ইরাকে ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানে সহায়তার সময় বিমানটি বিধ্বস্ত হলে তিনি নিহত হন।
মার্কিন কর্মকর্তারা জানান, ‘কমব্যাট পে’ হিসেবে মাসে ২২৫ ডলার দেয়া হয় এবং এটি পাওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করা শর্ত নয়।
এদিকে, নিহত ও আহত মার্কিন সেনাদের পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, পেন্টাগন আহত সেনাদের আঘাতের মাত্রা কম করে দেখাচ্ছে এবং তাদের যুদ্ধাহত সেনা হিসেবে যথাযথ চিকিৎসা দেয়া হচ্ছে না। তবে মার্কিন সেনাবাহিনী এ অভিযোগ অস্বীকার করেছে।
ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানকে ‘যুদ্ধ’ বলা নিয়েও বিতর্ক রয়েছে। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এটিকে যুদ্ধ বলতে আপত্তি জানালেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন সময়ে ইরান সংঘাতকে ‘যুদ্ধ’ হিসেবে উল্লেখ করেছেন।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।