বগুড়ায় বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়াই মশার কয়েল উৎপাদন ও পণ্যের মোড়কে অবৈধভাবে বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহারের অভিযোগে একটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে সাত দিনের মধ্যে বিএসটিআইয়ের লাইসেন্স নেয়ার প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেয়া হয়েছে।
মঙ্গলবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বগুড়া সদর উপজেলার বিভিন্ন এলাকায় জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) যৌথভাবে এ অভিযান চালায়।
অভিযানে রাজাপুর ব্রিজ এলাকায় অবস্থিত এস এম আর কনজ্যুমার প্রোডাক্টস নামের প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়াই ‘লিনজা’ ব্র্যান্ডের মশার কয়েল উৎপাদন করছিল বলে জানায় বিএসটিআই।
বিএসটিআই আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটির মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি সাত দিনের মধ্যে বিএসটিআইয়ের লাইসেন্স নেয়ার প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেয়া হয়েছে।
বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাসওয়ার তানজামুল হকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআইয়ের বগুড়া আঞ্চলিক কার্যালয়ের ঊর্ধ্বতন পরীক্ষক (মেট্রোলজি) মো. শাহ আলম পলাশ খান ও ফিল্ড অফিসার (সিএম) মো. শাহানূর হোসেন খান।
বিএসটিআইয়ের বগুড়া আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক ও অফিসপ্রধান মো. জহুরুল হক জানান, জনস্বার্থে জেলা প্রশাসন ও বিএসটিআইয়ের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সজল শেখ, বগুড়া
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।