ভারতের মুম্বাইয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনুষ্ঠানস্থলে বন্দুক ও ভুয়া প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) পরিচয়পত্র নিয়ে প্রবেশের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনার পর মোদির মুম্বাই সফর ঘিরে নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) গভীর রাতে নিরাপত্তা মহড়ার সময় বান্দ্রা-কুরলা কমপ্লেক্সের নীতা মুকেশ আম্বানি সাংস্কৃতিক কেন্দ্রের অনুষ্ঠানস্থল থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছে এনডিটিভি।
পুলিশ জানায়, আটক ২৪ বছর বয়সী রোহান পারেখ নিজেকে পিএমও কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়েছিলেন। তার কাছে থাকা পিএমওর পরিচয়পত্র যাচাই করে ভুয়া প্রমাণিত হয়। তার সঙ্গে থাকা দেহরক্ষীর কাছ থেকে একটি বন্দুক উদ্ধার করা হয়।
এ ঘটনায় মামলা করেছে পুলিশ। অস্ত্রটির বৈধ লাইসেন্স রয়েছে বলেও জানিয়েছে তারা। কেন ভুয়া পরিচয়পত্র ও বন্দুক নিয়ে অনুষ্ঠানস্থলে প্রবেশ করা হয়েছিল, তা জানতে দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার তদন্ত করছে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ।
মুম্বাইয়ে ‘গ্লোবাল ফিনটেক ফেস্ট ২০২৬’-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চার দিনব্যাপী এ সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা, টোকেনাইজেশন ও কোয়ান্টাম প্রযুক্তিসহ আর্থিক প্রযুক্তির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।