ইরান থেকে জর্ডান লক্ষ্য করে ছোড়া ২০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মধ্যে ১৮টি ধ্বংস করার দাবি করেছে জর্ডানের সশস্ত্র বাহিনী। বাকি দুটি জনবসতি থেকে দূরে খোলা এলাকায় পড়েছে। এতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বুধবার ভোরে জর্ডানের সামরিক বাহিনীর এক মুখপাত্র এ তথ্য জানান। সরকারি বার্তা সংস্থা পেত্রার বরাতে খবরটি জানিয়েছে আনাদোলু এজেন্সি।
সামরিক বাহিনী জানিয়েছে, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সরাতে বিশেষায়িত দল কাজ করছে। নাগরিকদের সন্দেহজনক কোনো বস্তুতে হাত না দিয়ে দ্রুত কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানানো হয়েছে।
এর আগে ইরানের আইআরজিসি দাবি করে, জর্ডানে থাকা একটি মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানের বাহিনী দুই দিনে একটি মার্কিন নৌযানকে দুইবার লক্ষ্য করলেও হামলা এড়িয়ে গেছে। এরপর মার্কিন বাহিনী ইরানের পাঁচটি তেলবাহী জাহাজ ধ্বংস করেছে বলেও দাবি করেছে সেন্টকম।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।