সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত দুই বাংলাদেশির মরদেহ রাষ্ট্রীয় খরচে দেশে আনা হবে। একই ঘটনায় আহত আরও চার বাংলাদেশি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
রোববার (১১ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
এর আগে শনিবারের (১০ অক্টোবর) হামলায় দুই বাংলাদেশি নিহত ও বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানায় বাংলাদেশ সরকার। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
নিহত ও আহত বাংলাদেশিদের পরিচয় ও বিস্তারিত তথ্য সংগ্রহ এবং তাদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে রিয়াদে বাংলাদেশ মিশন সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। নিহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে সরকার।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসামরিক মানুষের জীবন বিপন্ন করা ও বেসামরিক স্থাপনায় হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের হামলা বন্ধের আহ্বান জানিয়ে সৌদি আরবের সরকার ও জনগণের প্রতি বাংলাদেশের সংহতি পুনর্ব্যক্ত করা হয়েছে।
পাশাপাশি চলমান সংকট নিরসনে অবিলম্বে শত্রুতা বন্ধ, বেসামরিক নাগরিক ও অবকাঠামোর সুরক্ষা নিশ্চিত এবং সংলাপ ও কূটনীতির মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।