লিওনেল মেসির বিদায়ের পর বাণিজ্যিক আয় ধরে রাখা নিয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। স্পনসরশিপ, জার্সি বিক্রি, টিকিট ও সম্প্রচার স্বত্ব থেকে আয়ের ক্ষেত্রে এই মহাতারকার অনুপস্থিতি প্রভাব ফেলতে পারে।
দ্য টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৭ সালে এএফএর বৈশ্বিক স্পনসর ছিল মাত্র ছয়টি। বর্তমানে বিশ্বজুড়ে ১২০টিরও বেশি বাণিজ্যিক প্রতিষ্ঠান সংস্থাটির সঙ্গে যুক্ত। আর্জেন্টিনার আন্তর্জাতিক সাফল্যের পাশাপাশি মেসির বিশ্বব্যাপী জনপ্রিয়তা এই বাণিজ্যিক সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
প্রতিবেদন অনুযায়ী, বাণিজ্যিক চুক্তি থেকে এএফএর বার্ষিক আয় প্রায় ১৫ কোটি মার্কিন ডলার, যা সংস্থাটির মোট আয়ের অর্ধেকেরও বেশি। ফলে মেসির অনুপস্থিতিতে আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর আগ্রহ ধরে রাখা সংস্থাটির জন্য বড় পরীক্ষা হয়ে উঠতে পারে।
জাতীয় দলের হয়ে মেসির শেষ ম্যাচ ঘিরে দর্শকদের আগ্রহের প্রমাণও মিলেছে। বুয়েনস আইরেসে বেনিনের বিপক্ষে ওই ম্যাচের ৮৫ হাজার টিকিট অল্প সময়েই বিক্রি হয়ে যায়। ফোর্বস আর্জেন্টিনার তথ্য অনুযায়ী, শুধু টিকিট বিক্রি থেকেই এএফএর আয় হয় প্রায় ১ কোটি ৩০ লাখ মার্কিন ডলার।
মেসির বিদায়ের প্রভাব স্পনসরশিপের বাইরেও পড়তে পারে। তাঁর ছবি-সংবলিত জার্সির চাহিদা, জাতীয় দলের ম্যাচের টিকিট বিক্রি ও আন্তর্জাতিক সম্প্রচার স্বত্বের বাণিজ্যিক মূল্য ধরে রাখাও কঠিন হতে পারে। আর্জেন্টিনার সাম্প্রতিক সাফল্য ও অন্য তারকারা স্পনসরদের আকৃষ্ট করতে পারলেও মেসির মতো বৈশ্বিক জনপ্রিয়তার বিকল্প খুঁজে পাওয়া সহজ হবে না।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।