নির্বাচনের আগে বিএনপির দেয়া প্রতিশ্রুতি ও পরিকল্পনা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। গ্যাস-বিদ্যুতের সংকট, সিলিন্ডার গ্যাসের দাম বৃদ্ধি ও অর্থ পাচার বন্ধে সরকারের ভূমিকা নিয়ে সমালোচনা করে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রশ্ন করেন, ‘আজকে কোথায় গেল আপনার সেই প্ল্যান?’
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে শরীয়তপুর পৌরসভার অডিটোরিয়ামে নাগরিক সভায় এসব কথা বলেন নাহিদ। তাঁর অভিযোগ, গত সাত-আট মাসে দেশের অবস্থা আরও খারাপ হয়েছে এবং সরকার দেশ পরিচালনায় কার্যকর পরিকল্পনার পরিচয় দিতে পারেনি।
নাহিদ বলেন, অর্থ পাচারকারীদের বিচারের আওতায় আনার প্রত্যাশা থাকলেও এক পাচারকারীর জায়গায় আরেকজন এসেছে। তাঁর অভিযোগ, বিএনপি সরকার ক্ষমতায় এসে দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস ও সিন্ডিকেটের মাধ্যমে আগের সরকারের মতোই দেশ পরিচালনা করছে।
তিনি আরও অভিযোগ করেন, নির্বাচনের আগে বিএনপি আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করেছিল। নির্বাচনের পর মামলা-বাণিজ্য, মামলার ভয় দেখিয়ে ভোট কেনা এবং আওয়ামী লীগের সন্ত্রাসী ও চাঁদাবাজদের কাজে লাগানোর ঘটনাও ঘটেছে বলে দাবি করেন তিনি।
নাহিদ বলেন, ‘বিদেশে আওয়ামী লীগ, দেশে বিএনপি’—এই দুই শক্তির কারণে মানুষ অধিকার ফিরে পাচ্ছে না এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার সম্ভাবনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিএনপির ক্ষমতায় আসা প্রসঙ্গে তিনি বলেন, গত ১৬ বছরে দলটি এককভাবে আওয়ামী লীগকে পরাজিত করতে পারেনি। ছাত্র-জনতা রাজপথে না নামলে এবং সাধারণ মানুষ জীবন না দিলে বিএনপির ক্ষমতায় আসা কিংবা তারেক রহমানের দেশে ফেরা সম্ভব হতো না বলেও মন্তব্য করেন এনসিপি আহ্বায়ক।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।