
‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানে পঞ্চগড়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ বিভাগের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোসা. শুকরিয়া পারভীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নুরুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন ভেটেরিনারি হাসপাতালের কর্মকর্তা ডা. আব্দুল কাদের।
এ সময় জেলা পুলিশ সুপার আবু সাইম, সিভিল সার্জন ডা. মিজানুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, খামারি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
২৬ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত চলবে এ সপ্তাহ। এ উপলক্ষে সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে বিভিন্ন খামারের প্রদর্শনী স্টল বসানো হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) গবাদিপশু ও হাঁস-মুরগির বিনা মূল্যে টিকাদান, ভেটেরিনারি চিকিৎসা, কৃমিনাশক বিতরণ এবং প্রাণিসম্পদ বিষয়ে প্রচার কার্যক্রম পরিচালনা করা হবে। শনিবার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত হবে সমাপনী অনুষ্ঠান।
সুরুজ আলী, পঞ্চগড়
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।