
ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকনের সভাপতিত্বে এ বৈঠক হয়।
বৈঠকে কমিটির সদস্য মো. জাহিদুর রহমান, শাহ মো. ওয়ারেছ আলী মামুন, মো. মোস্তাফিজুর রহমান, মো. মাহবুবুল আলম ও নূরুন্নিসা সিদ্দীকা অংশ নেন।
সভায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম থেকে তৃতীয় অধিবেশন পর্যন্ত সংসদে প্রধানমন্ত্রী এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর দেয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি মন্ত্রণালয়ের অধীন দপ্তর ও সংস্থাগুলোর কার্যক্রম, উল্লেখযোগ্য অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে কমিটিকে অবহিত করা হয়।
বৈঠকে গ্রামীণ ও শহরাঞ্চলে সড়ক, সেতু, কালভার্ট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, নিরাপদ পানি ও স্যানিটেশন সুবিধা সম্প্রসারণ এবং স্থানীয় সরকারের জনপ্রতিনিধি ও কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত প্রশিক্ষণের সুপারিশ করা হয়। এ ছাড়া নগর পরিচ্ছন্নতা নিশ্চিত করতে মন্ত্রণালয়ের কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্ব দেয়া হয়।
কৃষি উৎপাদন বৃদ্ধি, খাল খনন, সেচ ব্যবস্থার উন্নয়ন ও বৃক্ষরোপণের পাশাপাশি কৃষিপণ্যের বাজার ব্যবস্থাপনা, সমবায়ের মাধ্যমে কর্মসংস্থান এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর টেকসই কর্মসংস্থান নিশ্চিত করার সুপারিশও করা হয়। দরিদ্র নারীদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান প্রকল্প যথাযথভাবে বাস্তবায়নের বিষয়েও গুরুত্ব দেয়া হয়।
বৈঠকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব, মন্ত্রণালয়ের অধীন দপ্তর ও সংস্থার প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।