
আওয়ামী লীগ সরকারের শাসনামলে শতাধিক গুম-খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড চেয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
বুধবার (২৫ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ দ্বিতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপনের সময় তিনি বলেন, জিয়াউল আহসানের বিরুদ্ধে আনা অপরাধ প্রমাণিত হলে মৃত্যুদণ্ডই হতে পারে উপযুক্ত সাজা।
চিফ প্রসিকিউটর বলেন, মামলার সাক্ষীদের জবানবন্দিতে ১১৫ জনকে হত্যার তথ্য উঠে এসেছে। তবে সাক্ষীরা আরও ১৫০ থেকে ২০০ জনকে হত্যার কথা জানিয়েছেন। গুমের ঘটনায় তদন্ত চলমান থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
তিনি জানান, সাক্ষীদের বর্ণনা অনুযায়ী, বিভিন্ন অভিযানে কয়েকজন থেকে শুরু করে ১১ জন বা তার বেশি মানুষকে ধরে নিয়ে বরিশালের চরদুয়ানী ও বলেশ্বর নদীর দুর্গম এলাকায় হত্যা করা হতো। পরে লাশ নদীতে ফেলে দেয়া হতো। এসব ঘটনায় ১৬ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে, যাদের মধ্যে দুজনের লাশ পাওয়া গেছে।
আমিনুল ইসলাম আরও বলেন, প্রসিকিউশনের উপস্থাপন করা সাক্ষীরা জিয়াউল আহসানের সহকর্মী এবং তারা ঘটনাগুলোর প্রত্যক্ষদর্শী। মামলার তিনটি চার্জে ১১৫ জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে। যুক্তিতর্কের সমাপনী পর্যায়ে দোষী সাব্যস্ত করা ও সাজা নিয়ে বিস্তারিত বক্তব্য দেয়া হবে।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।