
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশিত হবে আজ সোমবার (২৩ নভেম্বর)। বিকেল ৩টায় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং কেন্দ্রীয় ফলাফল প্রকাশের ওয়েবসাইটে ফল পাওয়া যাবে।
রোববার (২২ নভেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও পরীক্ষা নিয়ন্ত্রকের যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফলাফল স্ব-স্ব শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং [eduboardresults.gov.bd](https://eduboardresults.gov.bd/?utm_source=chatgpt.com) থেকে জানা যাবে। এ ছাড়া আবেদনকারীদের দেয়া মোবাইল ফোন নম্বরেও এসএমএসের মাধ্যমে ফল জানিয়ে দেয়া হবে।
শিক্ষার্থীদের সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট অথবা কেন্দ্রীয় ওয়েবসাইট থেকে ফল সংগ্রহের অনুরোধ জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।
গেলো ৩১ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়। এতে পাসের হার ছিল ৫২ দশমিক ১২ শতাংশ। জিপিএ-৫ পায় ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয় এবং অকৃতকার্য হয় ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন।
এরপর ১ নভেম্বর থেকে খাতা পুনর্নিরীক্ষণের আবেদন শুরু হয়, যা চলে ৮ নভেম্বর দুপুর ১২টা পর্যন্ত।
আন্তঃশিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এ বছর ১১টি শিক্ষা বোর্ডে ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন। এসব আবেদনের বিপরীতে মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের জন্য জমা পড়ে।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।