
যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার নামে একটি সড়কের নামকরণের প্রস্তাব করা হয়েছে। সড়কটির সম্মানসূচক নাম রাখার প্রস্তাব করা হয়েছে ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’।
শিকাগো সিটি কাউন্সিলের পরিবহন ও পাবলিক ওয়ে বিষয়ক কমিটির ২৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখের এক প্রস্তাবনায় এ উদ্যোগের কথা উল্লেখ করা হয়েছে। এতে শহরের আপার ওয়াকার ড্রাইভের পূর্ব পাশের একটি অংশের নাম খালেদা জিয়ার নামে রাখার প্রস্তাব দেয়া হয়।
প্রস্তাবনা অনুযায়ী, উইলিস টাওয়ারের ব্লকসংলগ্ন ওয়েস্ট জ্যাকসন বুলেভার্ড থেকে ওয়েস্ট অ্যাডামস স্ট্রিট পর্যন্ত আপার ওয়াকার ড্রাইভের পূর্ব পাশের অংশটির নাম হবে ‘অনারারি মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’।
প্রস্তাবনায় খালেদা জিয়াকে বাংলাদেশের একজন বিশিষ্ট রাষ্ট্রনায়ক হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, তিনি ১৯৯১ থেকে ১৯৯৬ সাল এবং ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত দুই মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে কয়েক দশক ধরে তিনি জনগণের সেবা করেছেন।
বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তার ভূমিকা, গণতান্ত্রিক শাসনব্যবস্থা ও সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রতি অঙ্গীকার এবং মেয়েদের শিক্ষার সুযোগ সম্প্রসারণে তার অবদানের কথাও প্রস্তাবনায় তুলে ধরা হয়েছে। বিশেষ করে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মেয়েদের বিনা মূল্যে শিক্ষার সুযোগ নিশ্চিত করার নীতির উল্লেখ রয়েছে।
প্রস্তাবনায় বলা হয়েছে, ২০২৫ সালের ৩০ ডিসেম্বর খালেদা জিয়ার মৃত্যু হয়। গণতান্ত্রিক নেতৃত্ব, জনসেবা ও দেশের মানুষের প্রতি অঙ্গীকারের মধ্য দিয়ে তিনি ঐতিহাসিক উত্তরাধিকার রেখে গেছেন। তার ছেলে তারেক রহমানের নামও এতে উল্লেখ করা হয়েছে।
সড়কটির নামকরণের স্থান হিসেবে শিকাগোর উইলিস টাওয়ারের আশপাশের এলাকা বেছে নেয়ার বিষয়টিও প্রস্তাবনায় ব্যাখ্যা করা হয়েছে। আগে সিয়ার্স টাওয়ার নামে পরিচিত এই স্থাপনাটি শিকাগোর স্থাপত্য ও প্রকৌশল উৎকর্ষের প্রতীক। বাংলাদেশি-আমেরিকান প্রকৌশলী ফজলুর রহমান খানের অবদানের কথাও এতে তুলে ধরা হয়েছে।
প্রস্তাবনাটি শিকাগো সিটি কাউন্সিলে পাস ও প্রকাশিত হওয়ার পর কার্যকর হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শহরের পরিবহন কমিশনারকে দায়িত্ব দেয়ার কথা বলা হয়েছে।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।