
ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সরকারের আমলে ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সংঘটিত গুম, খুন, অপহরণ, ক্রসফায়ার ও মানবতাবিরোধী অপরাধের ঘটনা চিহ্নিত করতে দেশজুড়ে গণশুনানি শুরু করতে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন।
বুধবার (২৫ নভেম্বর) সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, প্রতি সপ্তাহে দেশের একটি জেলায় গণশুনানির আয়োজন করা হবে। এতে ভুক্তভোগী, নিহত ও নিখোঁজ ব্যক্তিদের পরিবারের সদস্য এবং রাজনৈতিক দলগুলোর কাছ থেকে অভিযোগ ও তথ্য সংগ্রহ করা হবে।
আগে মামলা হওয়া ঘটনাগুলোর এজাহার, চার্জশিট ও আদালতের নথি পর্যালোচনার পাশাপাশি যেসব ঘটনায় মামলা হয়নি, সেগুলোর তথ্যও নেয়া হবে। প্রাথমিক যাচাইয়ে অপরাধের প্রমাণ পাওয়া গেলে তদন্তের মাধ্যমে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। প্রয়োজনে আইন অনুযায়ী গ্রেপ্তারও করা হবে।
প্রাথমিকভাবে যশোর থেকে গণশুনানি শুরুর পরিকল্পনা রয়েছে। তবে ২৬ নভেম্বরের কর্মসূচির তারিখ পরিবর্তন হতে পারে। আগামী সপ্তাহ থেকে যশোর অথবা অন্য কোনো জেলায় কার্যক্রম শুরু করার কথা জানিয়েছেন চিফ প্রসিকিউটর।
তিনি আরও জানান, প্রায় ২৮০ জন নিখোঁজ ব্যক্তির বিষয়ে তদন্ত চলছে। বিএনপি নেতা ইলিয়াস আলীসহ বিভিন্ন ব্যক্তির গুমের ঘটনাও তদন্তের আওতায় রয়েছে। আয়নাঘর, টিএফআই সেল ও জয়েন্ট ইন্টারোগেশন সেন্টারে বেআইনি আটকের অভিযোগও খতিয়ে দেখা হবে।
চিফ প্রসিকিউটর বলেন, অপরাধীদের আশ্রয় বা পালাতে সহযোগিতার অভিযোগও আইন ও প্রমাণের ভিত্তিতে যাচাই করা হবে। গণশুনানির মাধ্যমে এতদিন প্রকাশ্যে না আসা ঘটনা ও ভুক্তভোগীদের বক্তব্য সামনে আনাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।