
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, রাজনৈতিক সংকট, সংবিধান সংশোধন কমিটি, গঙ্গা পানিবণ্টন চুক্তি এবং জাতীয় পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
তিনি বলেন, নির্বাচন-পরবর্তী কয়েক মাসে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। এ সংকট মোকাবিলায় ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে ঐক্যের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। তবে এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে, জাতীয় ঐক্যের ভিত্তি হতে হবে সংস্কার, বিচার ও জাতীয় সার্বভৌমত্ব।
বৈঠকে একদলীয় সংবিধান সংশোধন কমিটি বাতিল, গণভোটের রায়ের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়ন, জুলাই গণহত্যার মামলার দ্রুত তদন্ত এবং জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে এনসিপি।
এ ছাড়া গঙ্গা পানিবণ্টন চুক্তি নবায়নে বাংলাদেশের ন্যায্য হিস্যা নিশ্চিত করা এবং ভারতে অবস্থানরত শেখ হাসিনা ও ওসমান হাদির হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার আহ্বান জানানো হয়েছে।
নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগ পরাজিত হলেও বাংলাদেশের সামনে রাজনৈতিক ও ভূরাজনৈতিক চ্যালেঞ্জ রয়ে গেছে। ভারতীয় আধিপত্যবাদ মোকাবিলায় দেশের সব রাজনৈতিক ও সামাজিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে এনসিপি।
বৈঠকে দলীয় পররাষ্ট্রনীতির পরিবর্তে সব রাজনৈতিক শক্তির সম্মতিতে একটি অভিন্ন জাতীয় পররাষ্ট্রনীতি প্রণয়নের প্রস্তাবও দেয়া হয়েছে। পাশাপাশি আলেম-ওলামা, সাংস্কৃতিক কর্মী, সুশীল সমাজ ও সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে সরকারের আলোচনায় বসার আহ্বান জানিয়েছে দলটি।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।