
যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’ নামে একটি সড়কের নামফলক উন্মোচন করা হয়েছে। রোববার (২২ নভেম্বর) স্থানীয় সময় দুপুর ১২টায় আনুষ্ঠানিকভাবে নামফলকটি উন্মোচন করা হয়।
শিকাগো সিটি কাউন্সিল সর্বসম্মতিক্রমে সড়কটির নামকরণের প্রস্তাব অনুমোদন করে। গেল ২৩ সেপ্টেম্বর কাউন্সিলের অল্ডারম্যান গিলবার্ট ভিগেস এ সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করেন।
সোমবার ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নামফলক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম, দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা, অল্ডারম্যান গিলবার্ট ভিগেস, উদ্যোগটির উদ্যোক্তা ও বাংলাদেশি কমিউনিটি নেতা শাহ মোজাম্মেল নান্টু এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ।
এ ছাড়া শিকাগোর বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।
সড়কটির পাশেই রয়েছে শিকাগোর বিখ্যাত উইলিস টাওয়ার, যা একসময় সিয়ার্স টাওয়ার নামে পরিচিত ছিল। ১১০ তলাবিশিষ্ট ভবনটির নকশা করেছিলেন বাংলাদেশি প্রকৌশলী ফজলুর রহমান খান।
নামকরণের প্রস্তাবে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে খালেদা জিয়ার ভূমিকা ও রাজনৈতিক অবদানের কথা তুলে ধরা হয়। এতে উল্লেখ করা হয়, তিনি জনগণের ভোটে তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হন এবং জাতীয় সংসদ নির্বাচনে পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে প্রতিবারই বিজয়ী হন।
উল্লেখ্য, ২০১৪ সালে শিকাগোর আরেকটি সড়কের নামকরণ করা হয় ‘অনারারি জিয়াউর রহমান ওয়ে’।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।