
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতীয় ঐক্যের আহ্বানে সাড়া দিয়ে সংলাপে বসছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টায় সচিবালয়ে প্রধানমন্ত্রী ও এনসিপির তিন সদস্যের প্রতিনিধি দলের মধ্যে এ বৈঠক শুরু হবে। সংলাপটি প্রায় এক ঘণ্টা চলার কথা রয়েছে।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ছাড়াও প্রতিনিধি দলে থাকছেন দলটির সদস্য সচিব আখতার হোসেন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।
এর আগে রোববার (২২ নভেম্বর) রাতে নাহিদ ইসলামের বাসায় বৈঠক করেন এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের নেতারা। ওই বৈঠকেই সংলাপে অংশ নেয়ার সিদ্ধান্ত হয়।
জাতীয় সংসদের চিফ হুইপ টেলিফোনে এনসিপিকে সংলাপের আমন্ত্রণ জানান। তিনি জানান, চলমান নাশকতা পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী রাজনৈতিক দলগুলোর মতামত নেবেন এবং নিজের অবস্থান তুলে ধরবেন। এনসিপিকে দিয়ে এ সংলাপ শুরু হচ্ছে।
জামায়াতসহ অন্য রাজনৈতিক দলগুলোকেও ধারাবাহিকভাবে আমন্ত্রণ জানানো হচ্ছে। জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা বিদেশ সফর থেকে ফিরলে আগামী ২৭ বা ২৮ নভেম্বর দলটির সঙ্গে সংলাপের সম্ভাবনা রয়েছে।
এর আগে জাতীয় সংসদের অধিবেশনে জাতীয় ঐক্যের আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। অধিবেশন শেষে বিরোধীদলীয় নেতার সঙ্গে বৈঠক করেন তিনি। পরে লালমনিরহাটের জনসভায়ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের আহ্বান জানান সরকারপ্রধান।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।