
বগুড়ার দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কে বাস ও ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে সাখাওয়াত হোসেন (৫০) নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।
বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে মাঠেরপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাখাওয়াত হোসেন দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ইউনিয়নের পোড়াপাড়া এলাকার মৃত তনির শাহের ছেলে। আহত খলিল সরদারকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজলিমুর রহমান জানান, সকালে দুপচাঁচিয়ায় দুধ বিক্রি করে ইজিবাইক নিয়ে বাড়ি ফিরছিলেন সাখাওয়াত। পথে মাঠেরপুকুর এলাকায় আক্কেলপুর থেকে বগুড়াগামী একটি বাসের সঙ্গে ইজিবাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে সাখাওয়াত গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত খলিল সরদারকে হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
সজল শেখ, বগুড়া
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।