
সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে প্রথমবারের মতো এ উদ্যোগ নেয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশগামী কর্মীদের বিদায় জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের জন্য দিনটি স্মরণীয়। মালয়েশিয়া সরকারের সহযোগিতায় আবারও দেশটির শ্রমবাজার খুলেছে। ১০ হাজার কর্মী বিনা খরচে মালয়েশিয়া যাবেন বলেও জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন দেশে কর্মসংস্থানের জন্য যাওয়া কর্মীদের দক্ষতা বাড়াতে সরকার কাজ শুরু করেছে। তাদের ভাষা শেখানোর উদ্যোগও নেয়া হবে।
বিদেশগামী কর্মীদের উদ্দেশে তিনি বলেন, যে দেশে কাজ করতে যাবেন, সেখানকার আইন ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে দেশের সুনাম অক্ষুণ্ন রাখতে হবে, যাতে বাংলাদেশ সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরি হয়।
এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হকসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।