
গোপালগঞ্জে জেলার প্রায় ৯০ শতাংশ বিকাশ অ্যাকাউন্ট বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে। এতে বিকাশসহ বিভিন্ন অনলাইন মাধ্যমে লেনদেন করতে গিয়ে ভোগান্তিতে পড়েছেন সাধারণ গ্রাহকেরা।
স্থানীয় সূত্রের দাবি, ২৫ নভেম্বর রাত ৮টা থেকে গোপালগঞ্জ জেলার বিপুলসংখ্যক বিকাশ অ্যাকাউন্টে লেনদেন বন্ধ হয়ে যায়। বিকাশের পাশাপাশি অনলাইন লেনদেনের অন্যান্য মাধ্যমেও একই ধরনের সমস্যা দেখা দিয়েছে বলে অভিযোগ করেছেন গ্রাহকেরা।
সম্প্রতি গোপালগঞ্জে দুটি থানা পোড়ানো এবং স্থানীয় সংসদ সদস্যসহ বিএনপি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনার তদন্তের অংশ হিসেবে ১০১ ব্যক্তির প্রতিষ্ঠান ও ব্যাংক হিসাবের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে বলে খবরে উল্লেখ করা হয়েছে। তবে এসব ঘটনার সঙ্গে বিকাশ অ্যাকাউন্ট বন্ধের সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
ভুক্তভোগীদের দাবি, যেসব অ্যাকাউন্টে মাঝেমধ্যে লেনদেন হয়েছে, সেগুলোর কিছুতেও সাময়িকভাবে লেনদেন বন্ধ রয়েছে। বিকাশ হেল্প সেন্টারে যোগাযোগ করলে ২০২২ সালের লেনদেন-সংক্রান্ত আইনের কথা বলা হচ্ছে বলে জানিয়েছেন কয়েকজন গ্রাহক। তাদের অভিযোগ, এ বিষয়ে বিকাশ কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করে জানিয়েছে, অ্যাকাউন্ট চালুর বিষয়ে তাদের কিছু করার নেই; সরকারের সিদ্ধান্তের ওপর বিষয়টি নির্ভর করছে।
এদিকে, অ্যাকাউন্ট বন্ধের ঘটনায় গোপালগঞ্জের মানুষের মধ্যে ক্ষোভ ও প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এর প্রতিবাদে জেলার সড়ক অবরোধের প্রস্তুতি নেয়া হচ্ছে বলেও দাবি করা হচ্ছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি: মো. ইসমাইল হোসেন
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।