রাস্তার পাশে পিঠা, পুরি ও পেঁয়াজুসহ বিভিন্ন খাবার বিক্রির ব্যবসায়ীদের নিবন্ধন বাধ্যতামূলক করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ১৬ শ্রেণির খাদ্য ব্যবসায় এ নিয়ম চালু করা হয়েছে।
নিবন্ধনের আওতায় রয়েছে রেস্তোরাঁ, বেকারি, মিষ্টির দোকান, ক্যাটারিং প্রতিষ্ঠান, প্যাকেটজাত খাবার উৎপাদনকারী, দুগ্ধপণ্য প্রস্তুতকারী, পাইকারি খাদ্য ব্যবসা, খাদ্য সংরক্ষণাগার ও হিমাগারসহ বিভিন্ন প্রতিষ্ঠান। এসব ব্যবসায় প্রথমবার বিনা মূল্যে নিবন্ধন দেয়া হবে।
অন্যদিকে, শিশুদের ফর্মুলা দুধ, বিশেষ পথ্য, সম্পূরক খাদ্য, জৈব ও অভিনব খাদ্যের মতো বিশেষায়িত খাদ্য ব্যবসায় নিবন্ধনের পাশাপাশি লাইসেন্স নিতে হবে। এ ক্ষেত্রে নির্ধারিত ফি দিতে হবে ব্যবসায়ীদের।
কর্তৃপক্ষের নির্ধারিত ফরম পূরণ করে জেলা কার্যালয়ে আবেদন জমা দিয়ে নিবন্ধন বা লাইসেন্স নিতে হবে। এর মেয়াদ হবে তিন বছর। পরে পুরো প্রক্রিয়া অনলাইনে চালুর পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।