প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন তার প্রেস সচিব সালেহ শিবলী। আগামী ২৩ থেকে ২৫ আগস্ট প্রধানমন্ত্রীর দিল্লি সফর হতে পারে বলে ভারতীয় সংবাদমাধ্যমে খবর প্রকাশের পর শুক্রবার (২১ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্সকে এ কথা জানান তিনি।
সালেহ শিবলী বলেন, সফরের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। একই সঙ্গে শেখ হাসিনা ও অন্যান্য পলাতক আসামিকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।
২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতে চলে যান শেখ হাসিনা। মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক এই প্রধানমন্ত্রীকে ফেরত পাঠানোর জন্য ভারতকে একাধিকবার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। দিল্লি জানিয়েছে, বিষয়টি তারা পর্যালোচনা করছে।
এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল নিয়মিত সংবাদ সম্মেলনে সম্ভাব্য সফর নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
ক্ষমতায় আসার পর থেকেই ভারত-বাংলাদেশ সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নিয়েছে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার। তবে শেখ হাসিনার দিল্লি থেকে দেওয়া সাম্প্রতিক বক্তব্যের পর দুই দেশের সম্পর্ক আবারও কিছুটা জটিল হয়ে উঠেছে। ফলে প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল কূটনৈতিক পরিবেশ নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পাচ্ছে।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।