সারা দেশে চলাচল করা স্লিপার বাসের বৈধতা ও সুনির্দিষ্ট নীতিমালার দাবিতে রাজধানীর বনানীতে সড়ক অবরোধ করেছেন বাংলাদেশ স্লিপার এসি বাস মালিক সমিতির নেতাকর্মীরা। রোববার (২৩ আগস্ট) দুপুর ১টা ১০ মিনিটে বিআরটিএ সদর দপ্তরের সামনের সড়ক বন্ধ করে দেন তারা। এতে বনানী থেকে মহাখালীগামী যানবাহনের চলাচল ব্যাহত হয়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
অবরোধের আগে মালিক সমিতির নেতারা তাদের বিভিন্ন দাবি তুলে ধরেন। তারা জানান, স্লিপার বাস চলাচল নিয়ে হাইকোর্টে রিট বিচারাধীন থাকায় মামলার চূড়ান্ত নিষ্পত্তির আগে কোনো নিষেধাজ্ঞা বা বলপ্রয়োগ চান না তারা।
এ ছাড়া স্লিপার বাস পরিচালনায় আন্তর্জাতিক মানের নীতিমালা প্রণয়ন, ফিটনেস ও রুট পারমিটের জটিলতা দ্রুত সমাধান এবং আইনি প্রক্রিয়া চলাকালে অযৌক্তিক জরিমানা, তল্লাশি ও গাড়ি আটক বন্ধের দাবি জানিয়েছেন মালিকরা।
তাদের দাবি, এ খাতে শত শত কোটি টাকা বিনিয়োগ রয়েছে এবং চালক, হেলপার, সুপারভাইজার ও মেকানিকসহ হাজারো মানুষের কর্মসংস্থান জড়িত। তাই স্লিপার বাস বন্ধ না করে নিরাপত্তা ও কারিগরি মান নিশ্চিত করে কার্যকর নিয়ন্ত্রক কাঠামোর আওতায় আনার প্রস্তাব দিয়েছেন তারা।
স্মারকলিপি দিতে বিআরটিএ কার্যালয়ে যান সমিতির সভাপতি আফতাব উদ্দিন মাসুদ ও সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাবুসহ কয়েকজন নেতা। এদিকে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও সড়ক অবরোধের কারণে যান চলাচলে বিঘ্ন ঘটে।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।