জাতীয় নির্বাচনে যে মানদণ্ড তৈরি হয়েছে, তার চেয়ে ভালো স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের চেষ্টা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।
সোমবার (২৪ আগস্ট) নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে জাতীয় নির্বাচনের তুলনায় সহিংসতা কিছুটা বেশি হয়। বিষয়টি বিবেচনায় রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজন অনুযায়ী মোতায়েন করা হবে।
তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। আইন ও বিধি-বিধানের কিছু সংশোধনের কাজ চলছে। এসব প্রক্রিয়া শেষ হওয়ার পর নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেয়া হবে।
নির্বাচনের সময় নির্ধারণে দুর্গাপূজা, বর্ষাকাল, বন্যার সম্ভাবনা ও শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক পরীক্ষার সময়সূচি বিবেচনা করা হবে বলেও জানান সিইসি।
সরকারের সঙ্গে সমন্বয় করেই নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নেয়া হবে। এ জন্য পুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতি নিয়েও আলোচনা চলছে।
ঠাকুরগাঁওয়ের শূন্য আসনের উপনির্বাচন আইন অনুযায়ী ৯০ দিনের মধ্যে আয়োজন করা হবে বলেও জানান তিনি।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।