আগামী সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। সবকিছু ঠিক থাকলে ডিসেম্বরের মধ্যেই প্রথম ধাপের ভোট আয়োজনের পরিকল্পনা রয়েছে কমিশনের। তবে প্রয়োজনে তফসিল অক্টোবরেও দেয়া হতে পারে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দিন।
সিইসি জানান, রাষ্ট্রপতির সঙ্গে প্রায় ৪০ মিনিটের বৈঠকে নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। স্থানীয় সরকার নির্বাচনকে বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য করতে রাষ্ট্রপতির সহযোগিতা চেয়েছে কমিশন। জবাবে রাষ্ট্রপতি ইসিকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
ভোটের সময় নির্ধারণে বার্ষিক পরীক্ষা, দুর্গোৎসব, আগামী বছরের শুরুতে রোজা এবং এসএসসি পরীক্ষার বিষয়গুলো বিবেচনায় নেয়া হচ্ছে বলে জানান সিইসি।
এদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেয়া ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আয়োজনেও কমিশন প্রস্তুত রয়েছে। স্থানীয় নির্বাচন ও উপনির্বাচন সামনে রেখে শিগগিরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক করবে ইসি।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।