আকস্মিক বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল শেষ পর্যন্ত বিদেশি উদ্ধারকারী দল ও বিশেষজ্ঞদের সীমিত পরিসরে কাজ করার অনুমতি দিয়েছে। যেসব দেশের নাগরিকরা দুর্যোগের পর এখনো নিখোঁজ রয়েছেন, তাদের সরকারের কূটনৈতিক চাপের পর নেপাল এ সিদ্ধান্ত নেয়। খবর কাঠমান্ডু পোস্টের।
এর আগে বুধবার (২৬ আগস্ট) নেপাল সরকার জানিয়েছিল, দেশটির নিরাপত্তা বাহিনীই উদ্ধার কার্যক্রম পরিচালনায় সক্ষম। তাই অন্য কোনো দেশকে উদ্ধারকারী দল পাঠানোর অনুমতি দেয়া হবে না। তবে একদিনের মধ্যেই সেই অবস্থান থেকে সরে আসে সরকার।
নেপাল সরকার এখন দুর্গম টানেলে উদ্ধারকাজ, ডিএনএ পরীক্ষা ও ফরেনসিক কার্যক্রমে সীমিত সংখ্যক বিদেশি বিশেষজ্ঞের সহায়তা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যাপক চাপের কারণেই নির্দিষ্ট কিছু ক্ষেত্রে বিদেশি বিশেষজ্ঞদের প্রবেশের অনুমতি দেয়া হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) পর্যন্ত বন্যায় ৬২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ৩১ দেশের ৫১৭ জন বিদেশিসহ মোট ৯৭৭ জন। নিখোঁজদের মধ্যে সবচেয়ে বেশি ১৭৮ জন ভারতীয় নাগরিক। এছাড়া ৬৫ জন মার্কিন, ৫৩ জন ইউক্রেনীয়, ৩৫ জন অস্ট্রেলীয় ও ৩৩ জন ব্রিটিশ নাগরিক রয়েছেন।
ভারত, চীন, অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়ার বিশেষজ্ঞ দলকে সীমিত সহায়তার জন্য সবুজ সংকেত দিয়েছে নেপাল। তবে আরও কয়েকটি দেশের প্রস্তাব গ্রহণ করেনি সরকার।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।