রাজধানীর যানজট কমানো, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন ও পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে একগুচ্ছ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২৯ আগস্ট) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয়।
বৈঠকে এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওভারের টোল প্লাজায় ইটিসি (ইলেকট্রনিক টোল কালেকশন) চালুর সিদ্ধান্ত হয়েছে। এ জন্য একটি অ্যাপ তৈরি এবং চার মাসের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেয়া হয়েছে।
যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারের যানজট কমাতে বুয়েটকে আগের প্রতিবেদন পর্যালোচনা করে ১৫ দিনের মধ্যে সুপারিশ দিতে বলা হয়েছে। এছাড়া ফুলবাড়িয়া বাস টার্মিনাল কেরানীগঞ্জে স্থানান্তরের সিদ্ধান্ত হয়েছে। স্থায়ী টার্মিনাল নির্মাণের আগে ঝিলমিল প্রকল্পের ১৫ একর জমিতে চার মাসের মধ্যে অস্থায়ী বাস টার্মিনাল নির্মাণ করা হবে।
গাবতলী বাস টার্মিনালের পেছনের অংশ সম্প্রসারণ এবং কারওয়ান বাজারের কিচেন মার্কেট গাবতলীতে স্থানান্তরের সিদ্ধান্তও হয়েছে। সচিবালয়ের আশপাশের যানজট কমাতে ওসমানী স্মৃতি মিলনায়তনে পার্কিংয়ের ব্যবস্থা করার সম্ভাবনাও খতিয়ে দেখা হবে।
এ ছাড়া ঢাকা শহরে অটোরিকশা চলাচলের জন্য পৃথক নীতিমালা প্রণয়ন এবং অনুমোদনহীন ডাবল ডেকার স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের ওপরও গুরুত্ব দেয়া হয়েছে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।