লেস্টার সিটি ছেড়ে স্থায়ীভাবে শেফিল্ড ইউনাইটেডে যোগ দিতে যাচ্ছেন বাংলাদেশের তারকা মিডফিল্ডার হামজা চৌধুরী।
ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, হামজার স্থায়ী দলবদল নিয়ে লেস্টার সিটির সঙ্গে সমঝোতায় পৌঁছেছে চ্যাম্পিয়নশিপের ক্লাবটি। এখন মেডিক্যাল শেষে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হওয়ার অপেক্ষা।
গত মৌসুমের দ্বিতীয়ার্ধে ধারে শেফিল্ড ইউনাইটেডে খেলেছিলেন হামজা। ক্লাবটির হয়ে ১৯ ম্যাচে মাঠে নেমে ১৬টিতেই ছিলেন শুরুর একাদশে। তার পারফরম্যান্সে দলটি চ্যাম্পিয়নশিপের প্লে-অফ ফাইনালেও ওঠে। তবে ফাইনালে সান্দারল্যান্ডের কাছে হেরে প্রিমিয়ার লিগে ফেরা হয়নি শেফিল্ডের।
মাত্র সাত বছর বয়সে লেস্টার সিটিতে যোগ দিয়েছিলেন হামজা। ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ১৬৬টি সিনিয়র ম্যাচ খেলেছেন তিনি।
শেফিল্ডে হামজাকে ফেরানোর পেছনে আরেকটি কারণ হলো রাইটব্যাক ফেমি সেরিকির চোট। মিডফিল্ডের পাশাপাশি রাইটব্যাকেও খেলতে পারায় হামজাকে গুরুত্বপূর্ণ বিকল্প হিসেবে দেখছে কোচ ক্রিস ওয়াইল্ডারের দল।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।