মুহাম্মদ আশিকুল আলম
রাজধানীতে প্রথমবারের মতো আয়োজিত দুই দিনব্যাপী ‘বাংলাদেশ সোলার এক্সপো-২০২৬’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত, বৈদেশিক মুদ্রার সাশ্রয় এবং পরিবেশবান্ধব উন্নয়ন ত্বরান্বিত করতে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন তিনি। একই সঙ্গে এ খাতে বিনিয়োগ ও উদ্যোক্তা তৈরিতে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। এবারের এক্সপোর প্রতিপাদ্য— ‘ছাদের প্রতিটি ইঞ্চি কাজে লাগান, সৌরবিদ্যুৎ থেকে আয় বাড়ান’।
উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং সৌরবিদ্যুৎ খাতের আধুনিক প্রযুক্তি, বিনিয়োগের সম্ভাবনা ও সংশ্লিষ্ট কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রায় প্রতিটি খাতেই সৌরবিদ্যুৎ ব্যবহারের ব্যাপক সম্ভাবনা রয়েছে। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতালসহ বিভিন্ন স্থাপনার ছাদ সৌরবিদ্যুৎ উৎপাদনের কাজে ব্যবহার করা যেতে পারে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে সংশ্লিষ্ট উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, সৌরবিদ্যুৎ খাতে বিনিয়োগ বাড়লে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি দেশের আর্থিক উন্নয়ন ও অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখবে এ খাত।
প্রধানমন্ত্রী সৌরবিদ্যুৎ স্থাপনের পাশাপাশি এর নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং গ্রাহক পর্যায়ে নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেন। তিনি বলেন, শুধু সৌরবিদ্যুৎ স্থাপন করলেই দায়িত্ব শেষ হয় না। স্থাপন করা ব্যবস্থাটি যথাযথভাবে কাজ করছে কি না, নিয়মিত রক্ষণাবেক্ষণ হচ্ছে কি না এবং গ্রাহক প্রত্যাশিত সেবা পাচ্ছেন কি না, তা নিশ্চিত করতে হবে।
এ ক্ষেত্রে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা ও সংশ্লিষ্ট প্রশাসনের মধ্যে সমন্বয় বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
কৃষি খাতে সৌরবিদ্যুতের ব্যবহার সম্প্রসারণের ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সৌরশক্তিকে কাজে লাগিয়ে কৃষিপণ্য উৎপাদন ও কৃষিভিত্তিক অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি করা সম্ভব। বিশেষ করে সৌরচালিত সেচব্যবস্থার সম্প্রসারণ এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এ সময় বিদ্যুৎ সাশ্রয়ে নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বাসা, অফিস কিংবা ব্যাংকে অপ্রয়োজনীয় বাতি, পাখা ও বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখার অভ্যাস গড়ে তোলার পরামর্শ দেন তিনি।
সৌরবিদ্যুৎ খাতকে শুধু প্রযুক্তিনির্ভর উদ্যোগ হিসেবে না দেখে উদ্যোক্তা ও বিনিয়োগের নতুন ক্ষেত্র হিসেবে বিবেচনার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, জেলা ও উপজেলা পর্যায়ে ক্ষুদ্র ও স্থানীয় উদ্যোক্তা তৈরির পাশাপাশি তাঁদের প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় সহায়তার সুযোগ সৃষ্টি করতে হবে। সরকারের উদ্যোগ, উদ্যোক্তাদের অংশগ্রহণ এবং বেসরকারি বিনিয়োগের সমন্বয়ে সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) প্রথমবারের মতো যৌথভাবে এ সোলার এক্সপোর আয়োজন করেছে।
জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র (২০২৬-২০৩০) বাস্তবায়নে সহায়তা এবং সৌরবিদ্যুতের প্রসারে সরকারের নীতি ও প্রণোদনা সম্পর্কে সংশ্লিষ্ট অংশীজনদের অবহিত করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
দুই দিনব্যাপী এ প্রদর্শনীতে সৌরবিদ্যুৎ-সংশ্লিষ্ট আধুনিক প্রযুক্তি, সরকারি প্রণোদনা, কর ও শুল্ক সুবিধা, সবুজ ও জলবায়ু অর্থায়ন, কার্বন ক্রেডিট, সৌরচালিত সেচব্যবস্থা এবং প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের সুযোগ তুলে ধরা হচ্ছে।
এক্সপোতে নীতিনির্ধারক, সরকারি সংস্থা, উন্নয়ন সহযোগী, আর্থিক প্রতিষ্ঠান, প্রযুক্তি সরবরাহকারী ও উদ্যোক্তারা অংশ নিয়েছেন। পাশাপাশি সৌরবিদ্যুৎ খাতে বিনিয়োগ, অর্থায়ন ও নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ নিয়ে বিভিন্ন প্রদর্শনী ও সেমিনারের আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।